রিয়াধের সর্বোচ্চ বহুতলে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত সৌদি আরবের আর্থিক কেন্দ্র, হতাহতের খবর নেই
রিয়াধ: সৌদি আরবের রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হল শহরের অন্যতম উচ্চতম বহুতল, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর সদর দফতর। বৃহস্পতিবার ভোরের এই হামলায় বহুতলের একাধিক তল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।হামলার পর রিয়াধের কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে নিরাপত্তা জোরদার করা হয়। ভবন থেকে কর্মী ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী। বিস্ফোরণের অভিঘাতে বহুতলের বেশ কয়েকটি জানলা ভেঙে যায়।সূত্রের দাবি, ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি ওই বহুতলে আঘাত হানে। যদিও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রাথমিক বক্তব্য ছিল, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুথিরা।প্রায় ৩৮৫ মিটার উচ্চতার এই বহুতলে সৌদি আরবের সরকারি বিনিয়োগ সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দফতর রয়েছে। সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে বহুমুখী করার বিভিন্ন প্রকল্পে এই সংস্থা অর্থায়ন করে।চলতি মাসে রিয়াধের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর একটি প্রশাসনিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।ইয়েমেনকে কেন্দ্র করে সৌদি আরবের সামরিক অভিযান আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ইঙ্গিত, এই অভিযান আরও ছয় মাস চলতে পারে। ফলে রিয়াধ ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

